আনারসের পাতা দিয়ে ড্রোন!

৬ জানুয়ারি, ২০২১ ১৭:২৪  
মানুষের দৈনন্দিন কাজে আরও বেশি কার্যকরী ও পরিবেশবান্ধব ড্রোন বানানোর দিকে ঝুঁকছেন গবেষকেরা। সেই বিষয়টিকে আমলে নিয়ে এবার আনারসের পাতা থেকে ড্রোন তৈরির কৌশল উদ্ভাবন করেছেন মালয়েশিয়ার একদল গবেষক। মালয়েশিয়ার ওই গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন পুত্রা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তারিক হামিদ সুলতান। তিনি জানান, রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে হুলু লাঙ্গাত এলাকায় আনারসের ব্যাপক চাষ হয়। সেখানে আনারসের অনেক পাতা ফেলে দেওয়া হয়। এই পাতাগুলোর টেকসই ব্যবহারের কৌশল উদ্ভাবনের চেষ্টা করছেন তিনি ও তার দল। বার্তা সংস্থা রয়টার্স-কে তিনি জানিয়েছেন, দেশটিতে আনারসের ব্যাপক চাষ থেকে ড্রোন বানানোর চিন্তা মাথায় আসে তাদের। অধ্যাপক মোহাম্মদ তারিক বলেন, ‘ আনারসের পাতা ব্যবহার হয় না বললেই চলে। এখন আমরা আনারসের পাতাগুলোকে তন্তুতে পরিণত করছি। এসব তন্তু উড়োযান তৈরিতে, বিশেষ করে ড্রোন তৈরিতে কাজে লাগতে পারে।’ এ গবেষক জানান, কৃত্রিম তন্তুর তুলনায় এই তন্তু হালকা। এর দৃঢ়তাও আনুপাতিক হারে বেশি। কোনো কারণে ড্রোন ক্ষতিগ্রস্ত হলে এটিকে মাটিচাপাও দেওয়া যাবে। এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না। আনারসের পাতা দিয়ে ইতিমধ্যে একটি ড্রোন বানিয়েছেন তারা। ড্রোনটি ভূপৃষ্ঠ থেকে ১ কিলোমিটার ওপরে ২০ মিনিট উড়তে পেরেছে। ভার বহনের জন্য এ ধরনের আরও বড় আকারের ড্রোন তৈরির চেষ্টা করছেন মালয়েশিয়ার এসব গবেষকেরা। এখন এই ড্রোনে ক্যামেরাসহ অন্যান্য প্রযুক্তিও সংযোজনের চেষ্টা চলছে। কৃষিকাজ ও এলাকা নজরদারিতে এ ধরনের ড্রোন কাজে আসবে বলে অধ্যাপক মোহাম্মদ তারিক জানান।